বই বিক্রি করা নিয়ে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার

49

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ থেকে কলেজ স্ট্রিটে ‘মিনি বইমেলা’র আয়োজন করেছিল সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু শুরুতেই পুলিশের বাধার অভিযোগ। অভিযোগ, পুলিশের অনুমতি নেওয়া সত্ত্বেও তাঁদের বসতে দেওয়া হচ্ছে না। পুলিশের সঙ্গে তুমুল বাক-বিতণ্ডা, ধস্তাধস্তি। কলেজ স্ট্রিটের পরিস্থিতি উত্তপ্ত। বেশ কয়েকজনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবাদে পথেই বই সাজিয়ে বসেন বামপন্থী ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা।

গন্ডগোলের সূত্রপাত সোমাবার সন্ধে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এস এফ আই- ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের দাবি, বিগত বছরেও তারা এই বুকস্টল তৈরি করেছে নভেম্বর মাসে। চার বছর ধরে এই বইয়ের স্টল দেওয়া হচ্ছে।‌ এরপর তাঁরা বইয়ের স্টল বাঁধতে গেলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ফুটপাথ আটকে বা সাধারণ মানুষের সমস্যা করে বইয়ের স্টল করা যাবে না বলে পুলিশ স্পষ্ট জানায়।

এসএফআই এর দাবি, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বইয়ের স্টল তৈরিতে বাধা দিয়েছে পুলিশ। এরপর পুলিশের সঙ্গে তুমুল উত্তেজনা। বই ছড়িয়ে রাস্তায় বসেই প্রতিবাদ বামেদের। ট্রাম লাইনে বসেই বই ব্রিক্রি করতে শুরু করেন তাঁরা।এরপর কর্মীদের টেনে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।