অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের, শো কজের উত্তর দিতে হবে আগামী ১৫ দিনের মধ্যে

54

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বিচারপতিদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগের ঘটনায় এ বার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করল আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে ১৫ দিনের মধ্যে জবাব তলব কলকাতা হাইকোর্টের।

আদালত ও বিচারপতিদের নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য। কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাহলে বড়সড় আইনি পদক্ষেপ করা হতে পারে বলে খবর। এই মামলার পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।

গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে গন্ডগোলের সূত্রপাত। তাঁর জন্মদিনে কালীঘাটের বাড়ির সামনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেইসঙ্গে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলেও কটাক্ষ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাশাপাশি বিচারপতি কৃষ্ণ রাও এর নাম উল্লেখ করেন তিনি।‌

বিচারপতি কৃষ্ণ রাও এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর তালিকা দিতে ।

বিচারপতি কৃষ্ণ রাও মনে করেন, সাংসদের এই মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি হবে না? এই প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়। ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।

নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি চলাকালীনই সাংসদের এই বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ওঠে এজলাসে। ক্ষুব্ধ হন বিচারপতি।

আজ আদালত আর‌ও জানিয়েছে, তিনি শুধু একজন সাংসদ নন, এই মামলার মামলাকারীও। আদালতের কাজে প্রভাব বিস্তার এবং বিচারপ্রক্রিয়ায় বিরুদ্ধে অভিযোগের জন্য কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, তার ব্যাখ্যাও চেয়েছে কলকাতা হাইকোর্ট।