পৃথা দাশগুপ্ত,কলকাতা: সুপ্রিম কোর্ট চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিয়েছে ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই রক্ষাকবচ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে নয়া আবেদন করল রাজ্য। ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশযাত্রা কেন করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ প্রত্যাহার করা হোক। সব এফ আই আর থেকে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় লিখিতভাবে অবস্থান জানাল রাজ্য। মামলার রায় দেওয়ার আগেই আদালতের কাছে জমা পড়ল লিখিত আবেদন।
সরকার বদল হতেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এফ আই আর। মোট ১৬টি এফ আই আর। যার প্রেক্ষিতেই ব্ল্যাঙ্কেট রক্ষাকবচের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ১৬ এফআইআর-এর মধ্যে ৪টির ক্ষেত্রে রক্ষাকবচ রয়েছে তৃণমূল সাংসদের। তার মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বাকি ১২টির ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়ার পক্ষে আদালত। সেই রক্ষাকবচ সংক্রান্ত নির্দেশ-ই দেওয়া হবে ২৫ অগাস্ট।
রাজ্যের আবেদন
প্রতিটা কেস ডায়েরি দেখেই যেন আদালত রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্ত নেয়
আবেদনকারীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগ রয়েছে
আবেদনকারীর বিভিন্ন মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই নিয়ে মামলা আছে
একতরফা বিবরণের উপর ভিত্তি করে তৈরি হওয়া আবেদনে আবেদনকারী মোটেই স্বচ্ছ নয়।
ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ আগাম জামিনের মতই। তাই এটা প্রত্যাহার করা হোক।
প্রসঙ্গত, রক্ষাকবচ মামলায় আগামী ২৫ অগাস্ট হাইকোর্টের রায় দেওয়ার কথা। আদালতের নির্দেশের আগেই জমা পড়ল রাজ্যের বিরোধিতার লিখিত আবেদন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাঙ্কেট রক্ষাকবচ মামলায় আগের দিন সওয়াল জবাবের সময় আদালতের প্রশ্নের মুখে পড়েন এএসজি এস ভি রাজু।
এই মামলার শুনানি আগামী ২৫শে আগস্ট।