পৃথা দাশগুপ্ত: জিবি মিটিংকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন। কিন্তু, সেই আবেদন জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক ঘটনা নিয়ে আলাদা করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জি বি মিটিংকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত বুধবার রাতে। দুই পক্ষের একে অপরের বিরুদ্ধে অভিযোগ। এই আবহেই মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে অবিলম্বে বিচারবিভাগীয় হস্তক্ষেপের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে এর আগেও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। র্যাগিংয়ের অভিযোগ পাশাপাশি এক প্রথম বর্ষের পড়ুয়ার আত্মহত্যার ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আদালতে মামলা হয়েছিল আগেই। সেই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন আবেদনকারী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উল্লেখ করেন এক আইনজীবী। আইনজীবীর দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তাই দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত হাইকোর্টে ইতিমধ্যেই চলা একটি মামলার সঙ্গে এই নতুন বিষয়টি যুক্ত করারও আবেদন জানান তিনি।
মামলাটির জরুরি শুনানি করতে রাজি হয়নি ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে, আগে থেকে চলা মামলার সঙ্গে সাম্প্রতিক ঘটনাকে যুক্ত করার আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলাদা মামলা দায়ের করতে হবে।