নিউজ ডেস্ক: মণিপুরে ৬ ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সিআরপিএফের। কাংপোকপি জেলার চাওয়াংকিনিং গ্রামে জঙ্গিরা হামলা চালিয়েছিল। তখনই সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তাদের সারা রাত ধরে গোলাগুলি চলে। তামেনলংয়ে কুকি সম্প্রদায়ের দুই মহিলা নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা। যার নিন্দা করেছে মণিপুরের রাজনীতিকরা।
মঙ্গলবার গভীর রাতে মণিপুরের কাংপোকপি জেলার চাওয়াংকিনিং নাগা গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয় এবং অন্তত দুটি বাড়ি পুড়ে যায়।
রাত সাড়ে ১০টার দিকে সশস্ত্র জঙ্গিদের একটি বড় দল পাহাড়ি গ্রামকে লক্ষ করে এই হামলা চালায়। গোলাগুলি শুরু হওয়ার পর ওই এলাকায় মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানরা পালটা জবাব দেয়।
বুধবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে থেমে থেমে গোলাগুলি চলে। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গ্রামে প্রবেশ করা থেকে বিরত রাখতে সক্ষম হলেও, গ্রামের উপকণ্ঠে অবস্থিত দুটি কাঠের বাড়িতে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা।
গ্রামবাসী ড্যানিয়েল চারেনামাই জানান, রাত সাড়ে ১০টার দিকে হামলা শুরু হয় এবং ভোর চারটে পর্যন্ত গোলাগুলি চলে। এখানে মোতায়েন সিআরপিএফ জওয়ানরা পালটা গুলি চালায়। জওয়ানরাই গ্রামকে দখল হয়ে যাওয়া থেকে রক্ষা করেছে।
প্রতিবেশী তামেনগ্লং জেলার লেইসাংফাই এলাকায় দুই কুকি মহিলাকে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পরই এই হামলার ঘটনাটি ঘটে।
কাংপোকপির সাইকুল কেন্দ্রের এক কুকি বিধায়ক দুই মহিলাকে হত্যার নিন্দা জানিয়েছেন; নিহতদের মধ্যে একজন সম্প্রতি নার্সিংয়ে স্নাতক সম্পন্ন করেছিলেন, আরেকজন ছিলেন অন্তঃসত্ত্বা।