মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের রিপোর্ট প্রকাশ্যে আসতেই এসএসকেএম কর্তৃপক্ষকে আইনি নোটিশ মমতার আইনজীবীর

42

পৃথা দাশগুপ্ত, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় তাঁর পায়ের চোটের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্য রাজনীতি এই বিষয়ে তোলপাড়। এবার উঠছে আইনের প্রশ্ন। এভাবে কি বিনা অনুমতিতে কোন‌ও রোগীর রিপোর্ট প্রকাশ্যে আনা যায়? সংশ্লিষ্ট এসএসকেএমের ডিরেক্টর, সুপার ও বিভাগীয় প্রধানকে আইনি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ।

কোনও রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট গোপন রাখাই নিয়ম। কিন্তু রাজনীতিতে অনেক কিছুই ঘটতে দেখা যায়। আইনজীবী অর্ক নাগ এসএসকেএম কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছেন, কোন নিয়মের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হলো?

২০২৬ এর নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। একুশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খতিয়ে দেখার দায়িত্ব সিআইডি-কে দিয়েছেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি, ভোটের রাজনীতির জন্য তিনি মিথ্যাচার করেছিলেন।

পাশাপাশি তিনি আরো জানান, বাঙ্গুর, এসএসকেএম-সহ একাধিক হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হয়েছিল। সেই হাসপাতালের রিপোর্ট হাতে নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন।

তারপর‌ই প্রশ্ন ওঠে। কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এবং সর্বোপরি একজন রোগীর ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হল? হাসপাতাল কর্তৃপক্ষকে আজ আইনি নোটিশ পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।

ঘটনা ২০২১ সালের। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার করতে গিয়ে বিরুলিয়া বাজারের কাছে দুর্ঘটনা ঘটে।‌ পায়ে আঘাত লাগে। হুইলচেয়ারে বসেই প্রচার থেকে শুরু করে নির্বাচনের বৈতরণী পার করেন। কটাক্ষের শিকার‌ও হন।

আইনি নোটিশ পাওয়ার পর এসএসকেএম কর্তৃপক্ষ কী উত্তর দেন সেদিকেই নজর সকলের।