মূল্যবৃদ্ধি স্বাভাবিক, বলছেন বিজেপি বিধায়করা

508

ব্যুরো রিপোর্টঃ ‘মূ্ল্যবৃদ্ধি স্বাভাবিক একটা প্রক্রিয়া। মূল্যবৃদ্ধি হতেই থাকে। এখন দাম বেড়েছে, আবার কমেও যাবে। মূল্যবৃদ্ধি নিয়ে গুরুত্বসহকারে ভাবার কিছু নেই।’ মূল্যবৃদ্ধি নিয়ে অতি মূল্যবান এই মন্তব্য করেছেন শাসক দলের দুই বিধায়ক!

মূল্যবৃদ্ধি নিয়ে মূল্যবান মন্তব্য!

মরিগাঁওয়ের বিধায়ক রমাকান্ত দেউরি এবং মঙ্গলদৈয়ের বিধায়িকা নীলিমা দেবি শুক্রবার এমন্তব্য করেছেন। মূল্যবৃদ্ধি নিয়ে শাসক দলের দুই বিধায়ক ঠিক কী বলেছেন প্রথমে দেখে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবের জন্যই অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধি এটা উল্লেখ করে রমাকান্তের দাবি, ‘মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের করার কিছুই নেই। সাধারণ মানুষকেই এর মোকাবিলা করতে হবে।’

মূল্যবৃদ্ধি

‘উৎপাদন কমে গেছে, তাই মূল্যবৃদ্ধি’

আরও একধাপ এগিয়ে নীলিমা। মূল্যবৃদ্ধি নিয়ে রমাকান্তের থিয়োরিকে উড়িয়ে দিয়ে নীলিমার দাবি ‘উৎপাদন কমে গেছে বলেই মূল্যবৃদ্ধি। উৎপাদন বেড়ে গেলেই দাম কমে যাবে আবার। এখানেই থেমে না থেকে নীলিমার অদ্ভুত দাবি, একজন গৃহিনী হিসেবে ‘রন্ধন গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও ভাবার মতো কিছু নেই’। তেলের ব্যবহার কমিয়ে গ্যাস বাঁচানো যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন নীলিমা। এখানেই শেষ নয়, সরকারি বিভিন্ন প্রকল্পে মানুষ এত সুবিধে পেয়েছেন যে মূল্যবৃদ্ধি কোনও প্রভাবই ফেলতে পারছে না সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, দাবি নীলিমার।

মূল্যবৃদ্ধির খবর রাখেন না গ্রামের মানুষ: রমাকান্ত

একইসুর মারিগাঁওয়ের তিনবারের বিধায়ক রমাকান্তেরও। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধে নিয়ে গ্রামের মানুষ নিজেদের মতো করেই বেঁচে আছেন। মূল্যবৃদ্ধির তেমন খবরই রাখেন না তাঁরা। প্রকৃতপক্ষে গ্রামের মানুষ মূল্যবৃদ্ধির খবরটাই ঠিকঠাক পাননি বলেও দাবি করেছেন মারিগাঁওয়ের বিধায়ক।

বিধানসভা

সদনের ভেতরে-বাইরে কংগ্রেসের প্রতিবাদ

উল্লেখ্য, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা অধিবেশনের দ্বিতীয়দিন ওয়াকআউট করে কংগ্রেস ওয়াকআউট করেন অখিল গগৈ সহ রাইজর দলের বিধায়করাও। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে গুয়াহাটি সহ গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে আসু। মূল্যবৃদ্ধির প্রকোপে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিন্তু বিজেপি বিধায়কদের অতি মূল্যবান এই মন্তব্যগুলো শোনার পর একেবারে মনপ্রাণ জুড়ে যায়। মূল্যবৃদ্ধি সে যতই অস্বাভাবিক হোক না কেন, রমাকান্ত বা নীলিমার অমূল্য এই মন্তব্যের পর মূল্যবৃদ্ধিও যেন স্বাভাবিক মনে হতে থাকে।