গরমে পুড়ছে উত্তর ভারত

20

নিউজ ডেস্ক: দাবদাহে পুড়ছে উত্তর ভারত। শুধু উত্তর ভারত বললে ভুল হবে, উত্তর-পশ্চিম থেকে উত্তর এবং পূর্ব ভারতে তীব্র দাবদাহ। উত্তর এবং পূর্বের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দিন কয়েক আগে উত্তরপ্রদেশে তাপমাত্রা পৌঁছেছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। সেদিন উত্তরপ্রদেশের বন্দিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি। দিল্লিতে তাপমাত্রা ৪৪ থেকে ৪৬ ডিগ্রিতে পৌঁছেছে। গরমে পুড়ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল।
দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন গরমের মাত্রা আরও বাড়বে উত্তর-পশ্চিম, উত্তর, পূর্ব এবং মধ্য ভারতে। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে। ২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
আবহবিদেরা উদ্বেগ প্রকাশ করেছেন রাতের তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি নিয়ে। দিল্লি, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। দিল্লিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ঘুরছে, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। উত্তরপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থানে তাপমাত্রা ৪৭ ডিগ্রির আশপাশে ঘুরছে। আগামী কয়েক দিন উত্তর, উত্তর-পশ্চিম ভারতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫-৪৮ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে।
হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ২৭ মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিম রাজস্থানে ২৫-২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকবে। পূর্ব রাজস্থানে ২৭ মে, পূর্ব মধ্যপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ২৫ মে, বিহার, তেলেঙ্গানায় ২৪ মে, ওড়িশা ২৫ মে এবং ঝাড়খণ্ডে ২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ এবং গরমের দাপট চলবে।
তবে বিপরীত ছবি দেখা যাবে উত্তর-পূর্ব ভারতে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মিজ়োরামে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এই অঞ্চলের কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
আবহবিদদের মতে, এবছর সুপার এল নিনো হতে পারে। যার অর্থ গরম অন্তত ২ ডিগ্রি বেড়ে যাবে। তারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারতের গরমচিত্রে।