শুনানির আগে কমিশনকে ৪৮ প্রশ্ন বিরোধীদের

53

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমারের অপসারণ ও এসআইআর সংক্রান্ত মামলার শুনানির আগে আবেদনকারী বিরোধী নেতা-নেত্রীরা ৪৮টি প্রশ্ন তুলেছেন। নতুন আবেদনে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যে হলফনামা জমা দিয়েছে, তাতে ‘ভোট চুরি’ এবং এসআইআরে অনিয়ম নিয়ে কোনও প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দেওয়া হয়নি। এমনকি, কমিশনের তরফে যে দাবিগুলি করা হয়েছে, তার সমর্থনে জমা দেওয়া হয়নি কোনও নথি। জ্ঞানেশকুমারের পাশাপাশি দুই নির্বাচন কমিশনার, সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী, উপ-নির্বাচন কমিশনার ভানুপ্রকাশ ইয়েতুরু এবং এসআইআর-অনিয়মে অভিযুক্ত নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্নার কাছেও উত্তর চেয়েছে আবেদনকারী বিরোধী জোট।
বিরোধীরা জ্ঞানেশদের কাছে যে প্রশ্নগুলি করতে চেয়েছে তার মধ্যে রয়েছ— কমিশন একটি সংস্থা হিসেবে নির্দিষ্ট সিদ্ধান্তগুলি নিয়েছিল কি না, সেগুলি কখন এবং কীভাবে নেওয়া হয়েছিল, কমিশনের নামে নির্দিষ্ট পদক্ষেপগুলি কে অনুমোদন করেছিলেন এবং কমিশনের ওয়েবসাইট ইসিআইনেট কীভাবে তৈরি, পরিবর্তিত ও পরিচালিত হয়েছে।
অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় নাম যোগ-বিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) ক্ষমতা কেড়ে নিয়েছিল নির্বাচন কমিশন। অভিযোগ, গোটা প্রক্রিয়াটিই নিয়ন্ত্রিত হয়েছিল দিল্লি থেকে। গত ২৭ অক্টোবর এই মামলার আগের শুনানিতে এসআইআর নিয়ে বিতর্কের আবহে মঙ্গলবার নিজেদের অবস্থান জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের অন্দরে মতবিরোধ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খারিজ করে জ্ঞানেশ, সান্ধু ও জোশী সুপ্রিম কোর্টে যৌথ হলফনামা জমা দিয়েছিলেন, কিন্তু হলফনামায় তাঁদের বদলে স্বাক্ষর রয়েছে উপ-নির্বাচন কমিশনার ভানুপ্রকাশ ইয়েতুরু।
বিরোধীদের মূল প্রশ্ন, যে বৈঠকে এসআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার ফাইল কোথায়, কোন তারিখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কে কে ছিলেন বৈঠকে। ফর্ম ৬ পরিবর্তনের নির্দেশ কে দিয়েছিলেন? কার নির্দেশে ইআরও-দের ক্ষমতা কাড়া হয়েছিল?
বিরোধীদের নতুন আবেদনে পশ্চিমবঙ্গে এসআইআরের সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয়েছে। আবেদনকারীর অভিযোগ, নির্বাচন কমিশনের কোনো সুস্পষ্ট অনুমোদন ছাড়াই এই আপিলগুলো দায়ের করেছেন কমিশনের আধিকারিকরা। এতে আরও বলা হয়েছে যে, কী ভিত্তিতে এই আপিলগুলো দায়ের করা হয়েছে, সে বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তাকেও অবহিত করা হয়নি। আবেদনকারী সেই কর্মকর্তাদের পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন যারা এই আপিলগুলো দায়ের করেছেন; পাশাপাশি তারা কোন কর্তৃত্ববলে এমন পদক্ষেপ নিয়েছেন, কী মানদণ্ড অনুসরণ করেছেন এবং এসংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র কী— তাও জানতে চেয়েছে বিরোধীরা। এ ছাড়া, এসআইআরের বিতর্কিত সিদ্ধান্তগুলোর মূল নথিপত্র আদালতে পেশ করার আবেদন জানানো হয়েছে। বিশেষত, ২৪ জুন, ২৭ অক্টোবর ও ১৪ নভেম্বর ২০২৫-এর এসআইআর আদেশ, ২৮ জুলাই ২০২৬-এর অফিস আদেশ, আইটি/ইসিআইনেট তদারকির দায়িত্ব বণ্টন সংক্রান্ত যোগাযোগ, অনলাইন ‘ফর্ম ৬’ ঘোষণা বিষয়ক সিদ্ধান্ত এবং পশ্চিমবঙ্গ সংক্রান্ত আপিলগুলোর নথিপত্র তলব করা হয়েছে। প্রতিটি বিতর্কিত পদক্ষেপ কোন কর্তৃত্ববলে নেওয়া হয়েছে, তা কি কমিশনের অনুমোদিত ছিল, এবং কমিশনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বিধিবদ্ধ নিয়মাবলি রয়েছে তা মানা হয়েছে কি না—সেসব বিষয়ও প্রকাশের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনাররা কি কমিশনের হলফনামা অনুমোদন করেছিলেন? এসআইআর নিয়ে তাঁদের আপত্তি কি নথিবদ্ধ ছিল?