অসমে বন্যায় মৃত ১০৫

31

নিউজ ডেস্ক: অসমে প্রলয়ঙ্করী বন্যায় মৃত্যু ১০৫ জনের। তবে বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে শিবসাগর জেলা থেকে। যার সূত্রে চলতি বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫। উজান অসমের শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট এবং মধ্য অসমে নগাঁও জেলার মোট ৩২ হাজার বাসিন্দা এখনও বন্যাক্রান্ত।
বন্যাক্রান্তদের মধ্যে নগাঁও জেলার সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ২০ হাজার মানুষ এখনও ক্ষতিগ্রস্ত। এরপর রয়েছে যোরহাটে ৫০০০ এবং শিবসাগরের সাড়ে হাজার বাসিন্দা। সোমবার বন্যাক্রান্তদের সংখ্যা ছিল ৫২ হাজার, চব্বিশ ঘণ্টায় সেই সংখ্যা ২০ হাজার কমেছে।
উজান অসমের শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট এই চার জেলায় এখনও ১৫টি ত্রাণ শিবির চলছে। যেখানে ত্রাণসামগ্রী এবং খাবার দেওয়া হচ্ছে ২৭৮২ বন্যার্তকে।
বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি ঘটলেও এখনও ১৪৭ গ্রাম জলের তলায়। এ ছাড়া এই মুহূর্তে গোটা অসমে বন্যার জল রয়েছে ৩২০০ হেক্টর কৃষিজমিতে।
বন্যার তোড়ে ভেসে যাওয়া নদীর পাড়, রাস্তা, সেতু, বাড়িঘর এবং অন্যান্য সরকারি পরিকাঠামোর সংস্কার চলছে। ১৬,৩২৩ গৃহপালিত জীবজন্তু এখনও ক্ষতিগ্রস্ত।