তারাপীঠে আগুনে মৃতদের প্রতি শোক কনরাড সাংমার

31

নিউজ ডেস্ক: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুনে মৃত্যু ঘটেছে মেঘালয়ের পাঁচজনের। দক্ষিণ গারো পাহাড়ের পাঁচ বাসিন্দা গিয়েছিলেন তারাপীঠের কালীমন্দিরে পুজো দিতে। স্থানীয় একটি হোটেলে সোমবার ভোরে আগুন ধরে যায়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফাইবারের অন্দরসজ্জা থেকে আগুন ছড়িয়ে পড়েছিল দ্রুত। অনেকে বদ্ধ ঘরে থাকতে না পেরে বেরিয়ে আসেন। হোটেলের পিছন দিক দিয়ে বেরোনোর নিরাপদ রাস্তা ছিল। কিন্তু কেউই তা চিনতেন না। আগুন লেগে যাওয়ায় হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ফলে দিকনির্দেশক চিহ্নও দেখা যায়নি। প্রাণ হাতে নিয়ে অনেকে সামনের দিকে রিসেপশনের দরজা দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন। আগুন ধরেছিল রিসেপশনের দিকেই। তাতে ঝলসে যান অনেকে। আগুনে পুড়ে মৃত্যু হয় ৮ জনের, জখম ৬।
তারাপীঠের হোটেলে আগুনে ঝলসে মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড়ের পাঁচ বাসিন্দার মৃত্যুর পর সমাজমাধ্যমে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা লিখেছেন, হৃদয়বিদারক ঘটনা। আমি অত্যন্ত বেদনার্ত।
তারাপীঠের হোটেলে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মেঘালয়ের রাজেন্দ্র নাথ, আশা নাথ, বুরান মোদকের। তাঁদের সঙ্গে ছিল ১০ বছরের শিবরাদ মোদক এবং ৮ বছরের আশুনাথ মোদক। দুই বালকেরও মৃত্যু ঘটে আগুনে পুড়ে। এ ছাড়া আলিপুরদুয়ারের তিনজনের মৃত্যু ঘটে।