নিউজ ডেস্ক: অসমে দেড় লাখের ওপর বিদেশি শনাক্ত হলেও পুশব্যাক করা হয়েছে মাত্র ৩১ হাজার ৭৮৯ জনকে। অসম বিধানসভায় এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আইন অনুযায়ী এপর্যন্ত বিদেশি শনাক্ত হয়েছে ১,৭২,৬৭৩ জন।
বিশদ তালিকা দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জানান, এর মধ্যে ৪৭০ জনকে প্রত্যর্পণ করা হয়েছে, ২৯,৬৬৩ জনকে পুশব্যাক করা হয়েছে সীমান্তের ওপারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী ১,৫৭২ জনকে তাদের দেশে ফেরানো হয়েছে আর ৮৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
অসম চুক্তি অনুযায়ী ১৯৭১ সালের ২৫ মার্চের পর অন্য দেশ থেকে আগত যে কেউ বিদেশি এবং তাঁদের নাম আর থাকবে না ভোটার তালিকায়।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে ৭৩,৭৫৯ জন সন্দেহজনক অনুপ্রবেশকারীর বর্তমানে মামলা চলছে অসমের বিভিন্ন বিদেশি ট্রাইব্যুনালে। এ ছাড়া ১৭৪ জন শনাক্ত বিদেশি বর্তমানে রয়েছে গোয়ালপাড়ার ডিটেনশন শিবিরে। যারা ডিটেনশন শিবিরে রয়েছেন তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে, বলেন হিমন্ত বিশ্ব শর্মা।
এআইইউডিএফ বিধায়ক মুজিবর রহমান অবশ্য অভিযোগ করেছেন, বহু প্রকৃত ভারতীয়কে পুশব্যাক করা হচ্ছে। তাঁর কথায়, বাংলাদেশে কখনো থাকেনি এমন মানুষকেও পুশব্যাক করা হচ্ছে। পুশব্যাকের নামে প্রকৃত ভারতীয় নাগরিকদের অত্যাচার করা হচ্ছে, অভিযোগ বিধায়ক মুজিবর রহমানের।
Next Post