তিলজলা অগ্নিকাণ্ড: গাফিলতির অভিযোগে সাসপেন্ড প্রগতি ময়দান দমকল কেন্দ্রের ওসি

31

তিলজলায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার সাসপেন্ড করা হল প্রগতি ময়দান দমকল কেন্দ্রের ওসি গৌতম দাসকে। কীভাবে ওই এলাকায় বেআইনি ব্যবসা চলছিল কোনওরকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই? উত্তর দিতে বলা হয়েছে তাঁকে। গৌতম দাসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সার্ভিস রুলস অনুযায়ী বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে দমকল বিভাগকে। সাসপেনশন চলাকালীন তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলকাতার বাইরে যেতে পারবেন না।

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনায় পরপর কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই অগ্নিদগ্ধ চামড়ার কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, বুলডোজার চালিয়ে চলছে অবৈধ নির্মাণ ভাঙার কাজও। মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কারখানার সামনে পৌঁছে যায় বুলডোজার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন বহুতলটি অবৈধ, তাই ভেঙে ফেলা হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তিলজলায় চামড়ার কারখানায় আগুন লেগে ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসাধীন। অনেকেই মনে করছেন, ক্ষমতায় আসার পর অগ্নিকাণ্ড আটকাতে আসলে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।