১৪ মে, কলকাতা: প্রকাশিত হল বাংলায় উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টার পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ছিয়াত্তর দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। সকাল ১০টায় বিধাননগরে সংসদের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন শিক্ষা সংসদের চেয়ারম্যান।
ফলের নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৪.১৯ শতাংশ। অর্থাৎ, সব চেয়ে বেশি পরীক্ষার্থী এই জেলা থেকেই উত্তীর্ণ হয়েছেন। এরপর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া।
মেধা তালিকার প্রথম দশে রয়েছেন ৬৪ জন। সম্ভাব্য প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। প্রাপ্ত নম্বর ৪৯৬। সম্ভাব্য দ্বিতীয় হয়েছেন মোট ৩ জন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঋতব্রত নাথ, ঐতিহ্য পাছাল। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৫। সম্ভাব্য তৃতীয় হয়েছেন ৫ জন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেবপ্রিয় মাঝি, তন্ময় মণ্ডল, প্রীতম বল্লভ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্য রায়, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়ল হাইস্কুলের শুভায়ন মণ্ডল।
এ বছর উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মেঘা মজুমদার। মেঘা শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাইস্কুলের ছাত্রী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তাঁর নাম। এছাডা়ও মেধা তালিকায় রয়েছেন ৮ জন ছাত্রী।
মেধা তালিকায় কলকাতার ৪ জন রয়েছেন। কলকাতা থেকে প্রথম স্থান দখল করেছেন ক্যালকাটা মাদ্রাসা এপি ডিপার্টমেন্টের ছাত্র গোলাম ফাইজাল। মেধা তালিকায় তিনি চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৩।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দফতরকে বলেছি আমার সঙ্গে কথা বলাতে। আর সোমবার থেকে সমস্ত স্কুলে বন্দেমাতরম বাজানোর বিজ্ঞপ্তিটা আজ জারি করব।’
এ বছর ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন রেজিস্ট্রেশন করেছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। এর মধ্যে পাশ করেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন।