আরও বাড়তে চলেছে জ্বালানির দাম

16

১৪ মে, গুয়াহাটি : জ্বালানির দাম বৃদ্ধির ইঙ্গিত দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। সুইজারল্যান্ডে একটি সম্মেলনে তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ যদি দীর্ঘদিন চলে, তাহলে ভারতে জ্বালানির দাম বৃদ্ধি শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলেছিলেন, দেশে তেলের রিজার্ভ যথাযথ, কিন্তু তেলের দাম আর বাড়বে না, এটা বলা যাচ্ছে না।


রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে কৃচ্ছ্রসাধন করার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, জ্বালানি তেলের ব্যবহার কমাতে, মেট্রোয় যাতায়াত করতে। মূল উদ্দেশ্য, বিদেশি মুদ্রা সাশ্র্য়য়। ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলার। এখন সেটাই ১০০ ডলার পেরিয়ে গেছে।


তেল ব্যবহার কমিয়ে কৃচ্ছ্রসাধনের দৃষ্টান্ত তৈরি করতে বুধবার প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে মাত্র দু’টি গাড়ি নিয়ে সেবাতীর্থে মন্ত্রিসভার বৈঠকে গিয়েছিলেন। অমিত শাহ, জেপি নাড্ডার মতো মন্ত্রীদের গাড়ির সংখ্যা কমে হয়েছে ৪। এনডিএ শাসিত বিভিন্ন রাজ্য সরকারের প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সরকারি গাড়ির সংখ্যা কমিয়েছে।
এখন দেখার দেশে জ্বালানি তেলের দাম কবে বাড়ে এবং কতটা বাড়ে।