হাইকোর্টে আইনজীবীর পোশাকে ভোট পরবর্তী অশান্তি মামলায় সওয়াল মমতার
১৪ মে, কলকাতা: সকাল সকাল আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে হাজির বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী অশান্তি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্যর মামলার শুনানিতে আদালতে হাজির হয়ে গেলেন তিনি। সঙ্গে কল্যাণ, শীর্ষণ্য ছাড়াও বৈশ্বানর চট্টোপাধ্যায়।
নির্বাচনের আগে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা। সেখানে শুনানি পর্বে অংশ নেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী। এবার কুর্সি হারানোর পর ভোট পরবর্তী অশান্তি নিয়ে সোজা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘প্রথম বার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। তার পর থেকে সদস্যপদ রিনিউ করেছি।’
প্রধান বিচারপতির এজলাসে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা ভোট পরবর্তী অশান্তি মামলা বিচারাধীন। সেখানে সওয়াল করতে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনও বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ, প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঘর, বাড়ি লুঠ করছে, আগুন জালাচ্ছে। পুলিশ কোনও পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব।’
অন্যদিকে, পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন, ‘ওই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। কী ঘটেছে, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায়। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয়। বলা হচ্ছে, রাজ্যজুড়ে ২ হাজারের বেশি অভিযোগ এসেছে। কিন্তু এই সব অভিযোগের কোনও ভিত্তি নেই। কে, কখন অভিযোগ করেন বিস্তারিত কিছুই বলা হচ্ছে না।’
ধীরাজ ত্রিবেদী আদালতে জানান, ‘২০২১ সালে ভোট পরবর্তী অশান্তি খুঁজতে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসে ছিল। এখানে আগে আদালত খুঁজে তো দেখুক, আদৌ ভোট পরবর্তী অশান্তির ঘটনা কি না। এখনই অন্তর্বতী নির্দেশ কেন দেবে আদালত?’
মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের পোশাকে দেখে শোরগোল পড়ে যায় আইনজীবী মহলে। বিভিন্ন মহলে খবর ছড়িয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হাজির হন সাংবাদিকরা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে মামলায় সওয়াল নিয়ে আমল দিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তিনি বলেন, ‘আমার এখন অনেক কাজ এইসবের উত্তর দেওয়ার সময় নেই।’ দু’পক্ষের সওয়াল জবাবের পর অর্ডার রিজার্ভ রেখেছেন প্রধান বিচারপতি সুজয় পাল।
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর একাধিক জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গেরুয়া পতাকা হাতে যদি কেউ হামলা করে, তবে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হবে। মুখ্যমন্ত্রীও বারবার অশান্তি ঠেকাতে বার্তা দিয়েছেন। কিন্তু সরাসরি আইনজীবীর পোশাকে হাজির হয়ে কর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে নেত্রীর হাইকোর্টে উপস্থিতির ছবি পোস্ট করেছে তৃণমূল।