ফের দিল্লিতে বাসে ‘গণধর্ষণ’, গ্রেফতার ২

100

১৪ মে, নয়াদিল্লি: আবারও দেশের রাজধানীতে গণধর্ষণের ঘটনা। ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের ছায়া ২০২৬-এও। এক মহিলাকে জোর করে বাসে তুলে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার বাসের চালক ও কন্ডাক্টর।

পুলিশের কাছে মহিলার অভিযোগ, ২ ব্যক্তি বাসের মধ্যে তাঁকে ধর্ষণ করেছেন। সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলপুরি এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করেন ৩ সন্তানের মা ওই মহিলা। প্রতিদিনের মতো কাজ থেকে ঘরে ফিরছিলেন তিনি। সরস্বতী বিহার এলাকায় স্লিপার বাসটি স্টপে দাঁড়িয়েছিল। বাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে মহিলা কটা বেজেছে তা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন। তখনই মহিলাকে জোর করে বাসের মধ্যে তোলা হয় বলে অভিযোগ। এরপর বাসটিকে নাঙলোই এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষার পর FIR করে পুলিশ। গ্রেফতার করা হয় ২ অভিযুক্ত বাসের চালক ও কন্ডাক্টরকে।

দিল্লিতে এই বাসেই গণধর্ষণের অভিযোগ


ফের দিল্লিতে এই নারকীয় ঘটনায় দিল্লির বিজেপি সরকারের সমালোচনায় আম আদমি পার্টি। রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে AAP। দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এক্স পোস্টে লেখেন, ‘আরও একটি নির্ভয়াকাণ্ড হল দিল্লিতে! মেয়েরা স্কুলে কিংবা বাসে সুরক্ষিত নয়’।


২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ২৩ বছরের প্যারামেডিক পড়ুয়াকে চলন্ত বাসে গণধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল। এরপর রাস্তায় ফেলে পালায় অপরাধীরা। কঠিন লড়াইয়ের পর ২০১২ সালের ২৯ ডিসেম্বর প্রাণ যায় নির্যাতিতার। সেই স্মৃতি ফের নাড়া দিল আবারও রাজধানীর বুকে এই গণধর্ষণের ঘটনা।