নয়া স্পিকার হচ্ছেন রথীন্দ্র বসু, ১০০ শতাংশ দায়িত্ব পালনের বার্তা পশ্চিমবঙ্গ বিধানসভার নয়া অধ্যক্ষের

102

নতুন স্পিকার কে হবেন, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান হল। অষ্টাদশ বিধানসভার স্পিকার হতে চলেছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বৃহস্পতিবার রাজ্যপালের কাছ থেকে শপথবাক্য পাঠ করবেন তিনি। স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। রথীন্দ্র বসু জানান, তিনি খুশি। দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তিনি তা ১০০ শতাংশ পালনের চেষ্টা করবেন।

নতুন স্পিকারকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে রথীন্দ্র বসুর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডলে সেই খবর পোস্ট করে রথীন্দ্র বসুকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে লেখেন, ‘‘কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক,রথীন্দ্র বসুকে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।’’

প্রসঙ্গত প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায় শপথ নেওয়ার পর থেকেই স্পিকারের নাম নিয়ে যে জল্পনা চলছিল, বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটল।