মহিলা ও শিশু উন্নয়ন দফতরের দায়িত্ব অজন্তাকে

14

১৪মে, গুয়াহাটি: অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারে চার মন্ত্রীকে দফতর বণ্টন করা হল। বিজেপির বর্ষীয়ান নেতা রামেশ্বর তেলিকে শ্রমিক কল্যাণ, চা উপজাতি উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে চা-বাগান এলাকাগুলিতে কল্যাণমূলক প্রকল্পে সরকারের জোর অব্যাহত থাকায় এই দফতর বণ্টনকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বোড়োল্যান্ড পিপল্স ফ্রন্ট নেতা চরণ বোড়োকে পরিবহণ দফতরের পাশাপাশি বোড়োল্যান্ড উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অসম গণ পরিষদের সভাপতি অতুল বরাকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, সীমা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অসম চুক্তি রূপায়ণ এবং আবগারি বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে মন্ত্রী অতুল বরাকে। বিজেপির প্রবীণ নেত্রী মন্ত্রী অজন্তা নেওগের হাতে তুলে দেওয়া হয়েছে মহিলা এবং শিশু উন্নয়ন দফতরের দায়িত্ব। পর্যটন দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রী অজন্তা নেওগ।

উল্লেখ্য, গত ১২মে গুয়াহাটির খানাপাড়া ময়দানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার আরও সম্প্রসারণ করা হবে।