প্রথমবার ভোটে জিতেই স্পিকার? কে এই রথীন্দ্র বসু ?

47

১৪ মে, ২০২৬, কলকাতা: প্রথমবার ভোটে জয়ী হয়েই বড় দায়িত্ব পাচ্ছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু। সেই সঙ্গে প্রথমবার স্পিকার পেতে চলেছে উত্তরবঙ্গও। রথীন্দ্রের জন্ম কোচবিহারেই। ঘরের ছেলের স্পিকার হওয়ার সংবাদ শুনে খুশি কোচবিহারবাসী। বছর পয়ষট্টির রথীন্দ্র বসুর বাড়ি কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের দেবীবাড়ি এলাকায়। ছেলের স্পিকার হওয়ার খবরে খুশি অশীতিপর বৃদ্ধা মা ছায়া বসু, খুশি আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরাও।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী রথীন্দ্র বসু কোচবিহারের বিটি অ্যান্ড ইভিনিং কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক হন। পেশায় চার্টার্ড অ্যাকাউট্যান্ট রথীন্দ্র বসুর নিজের একটি ফার্মও রয়েছে। দীর্ঘদিন আরএসএসের সক্রিয় সদস্য রথীন্দ্র বহু পরে রাজনীতিতে আসেন। বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৬ সালে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিধানসভায় প্রবেশ করেন। আর তারপরই একেবারে বিধানসভার অধ্যক্ষের জন্য মনোনীত করল দল।

বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁর নাম সমাজ মাধ্যমে পোস্ট করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বিধানসভার সেক্রেটারির কাছে নমিনেশন পত্র পেশ করেন রথীন্দ্র বসু । পশ্চিমবঙ্গের ঐতিহ্য মেনে বিরোধীদের কাছে রথীন্দ্র বসুকে সর্বসম্মতভাবে স্পিকার হিসেবে মেনে নিতে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত তৃণমূল সরকারের আমলে ১৫ বছর বিধানসভার অধ্যক্ষ ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তার আগে দীর্ঘ দিন বাম আমলে স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিমও। সাধারণত স্পিকার হিসেবে আইনজ্ঞ বা আইনজীবীকেই মনোনীত করে রাজনৈতিক দলগুলি। কিন্তু সেই অলিখিত প্রথা এবার ভাঙতে চলেছে। অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হতে চলেছেন উত্তরবঙ্গের ভূমিপুত্র পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বসুই।