রাতেই গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস, আজ আদালতে পেশ

14

১৫ মে, কলকাতা: সোনাপাপ্পু মামলায় রাতেই গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস। গতকাল রাতে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকদের সূত্রে খবর। আজ তাঁকে ইডির বিশেষ আদালতে পেশ করা হবে।

টানা পাঁচবার সমন পাঠানোর পর গতকাল ইডি দফতরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডিরেক্টর সিকিউরিটি কন্ট্রোলের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। ডিরেক্টার অফ সিকিউরিটিজকে বুধবার নোটিস দেওয়ার পর আইনজীবী নিয়ে আসেন কালীঘাট থানার প্রাক্তন ওসি।

গ্যাংস্টার সোনা পাপ্পু থেকে শুরু করে বালি পাচার সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি। ইডি সূত্রে দাবি. তোলাবাজি সিন্ডিকেটের মাথা শান্তনু সিনহা বিশ্বাস। ভোটের আগে গত ১৯ এপ্রিল শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের দুটি বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দল। বাড়িতে সে সময় ছিলেন না শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহার ছেলের কোচিং সেন্টারেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় বলে ইডি সূত্রে দাবি।

এরপর অন্তত তাঁকে ৫ বার নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ডেকে পাঠানো হয় তাঁর ছেলেকেও। কিন্তু কোনও ভাবে সিজিও মুখী হননি সপুত্র শান্তনু। বারবার তাঁর তরফ থেকে জানানো হয়, ভোটের জন্য হাই-প্রোফাইল সিকিউরিটি ম্যানেজমেন্টে ব্যস্ততার কারণে তিনি হাজির হতে পারবেন না। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়।

বুধবার ইডির তরফে চিঠি দিয়ে ডিরেক্টর অফ সিকিউরিটিজকে জানানো হয়, শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। এরপরই গতকাল সকাল ১১.০৫ মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন শান্তনু সিনহা বিশ্বাস।