পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ স্ট্রিমিং, নয়া ভবন নিয়েও পরিকল্পনা: শুভেন্দু

42

১৫ মে ২০২৬, কলকাতা, রণজয় মুখোপাধ্যায় ও দেবারতি ঘোষ: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের এবার থেকে লাইভ স্ট্রিমিং। বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বিধায়ক সংখ্যা বাড়লে নতুন ভবনেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার বক্তব্য রাখতে উঠে বিরোধী নেতা থাকাকালীন নিজের ‘অম্লমধুর’ স্মৃতিতে ফেরেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর আশ্বাস, তাঁর অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, ‘বিরোধীদের নিয়েই বিধানসভা, তাই কোনও ভাবেই বিরোধী কণ্ঠ রোধ করা হবে না। বরং আইনের বাইরে গিয়ে তাদের বরাদ্দ সময় অতিরিক্ত দেওয়া হবে বক্তব্যের জন্য। কাউকে মার খেয়ে হাসপাতালে যেতে হবে না।’

পাশাপাশি বিধানসভার আলোচনাকে মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘বিধানসভা চলবে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এত দিনের প্রচলিত প্রথা ভেঙে বিধানসভার অধিবেশনের লাইভ স্ট্রিমিং হবে। জনতা যাঁরা নির্বাচিত করেছেন বিধায়কদের, তাঁদেরও জানার অধিকার রয়েছে কী আলোচনা হচ্ছে তাঁদের স্বার্থে।’

বারবার দাবি উঠলেও এতদিন পশ্চিমবঙ্গ বিধানসভার লাইভ স্ট্রিমিংয়ে রাজি হয়নি তৃণমূল সরকার। রাজ্যপালের ভাষণ বা বাজেট বক্তৃতা বাদে অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অধিবেশনেরও সরাসরি সম্প্রচারে অনুমতি মেলেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই এবার সেই প্রথা ভাঙতে চলেছে।

পাশাপাশি নয়া বিধানসভা ভবনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আগামী দিনে ডিলিমিটেশন হলে বিধানসভায় আসন সংখ্যা বাড়তে পারে। সে ক্ষেত্রে নয়া বিধানসভা ভবন তৈরির প্রয়াস থাকবে।’

২০১৪ সালে ক্ষমতায় আসার পর সেন্ট্রাল ভিস্তার পরিকল্পনা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। তৈরিও হয় নয়া সংসদ ভবন। সেই পথেই এবার হেঁটেই কি নয়া বিধানসভা ভবনের পরিকল্পনা শুভেন্দু অধিকারীর?