১৫মে, নিউজ ডেস্ক রিপোর্ট: অসমের কারাগারে বন্দিদের ভিড় উপচে পড়ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি অসমের কারাগারে। ১১৩ শতাংশ বন্দি বিভিন্ন কারাগারে।
২০২৩ সালে বিভিন্ন কারাগারের ধারণ ক্ষমতার তুলনায় বন্দিদের শতাংশ ছিল ১০৫.৩। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অসমের ৩১ কারাগারে বন্দির সংখ্যা ছিল ১১ হাজার ৬৭৪। নিয়ম অনুযায়ী এই ৩১ কারাগারে সর্বাধিক বন্দি থাকার কথা ১০ হাজার ৩৩০।
অসমের ৩১ কারাগারের মধ্যে ৬টি কেন্দ্রীয় কারাগার, ২২টি জেলা কারাগার, রয়েছে একটি করে উপ-কারাগার, মুক্ত কারাগার এবং বিশেষ কারাগর।
সর্বশেষ প্রকাশিত রিপোর্ট ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। অসমের সব কারাগারে পুরুষ বন্দির ধারণ ক্ষমতা ৯ হাজার ৫৫৯। অথচ পুরুষ বন্দি ছিল ১১ হাজার ১৯৯। যার অর্থ ধারণ ক্ষমতার ১১৭.২ শতাংশ।
উল্টোদিকে, মহিলা বন্দির ধারণ ক্ষমতা ৭৬১ হলেও মহিলা বন্দি ছিলেন ৪৭৫। যার অর্থ ধারণ ক্ষমতার ৬২.৪ শতাংশ মহিলা বন্দি ছিলেন অসমের বিভিন্ন কারাগারে। অসমের জেলে তৃতীয় লিঙ্গের বন্দির ধারণ ক্ষমতা ১০ হলেও সেরকম কোনও আসামি নেই।
৬টি কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণের ক্ষমতা ৪৫০০। ২০২৪ সালে ছিল ৪৪০২ বন্দি, অর্থাৎ ধারণ ক্ষমতার ৯৭.৮ শতাংশ। কিন্তু ২২টি জেলা কারাগারের পরিস্থিতি অন্যরকম। সব জেলা কারাগারের মোট ধারণ ক্ষমতা ৪৫০০ হলেও বন্দি ছিল ৬৭৯৬, যার অর্থ ধারণ ক্ষমতার ১৩০.২ শতাংশ বন্দি।
২০২৪ সালে গোটা ভারতে সব কারাগারে ধারণ ক্ষমতার তুলনায় বন্দি ছিল ১১২.৭ শতাংশ, যদিও এর মধ্যে পশ্চিমবঙ্গের হিসাব নেই।
উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে মণিপুরে ধারণ ক্ষমতার ৩৮.৮ শতাংশ বন্দি, নাগাল্যান্ডে ৪০.৫ শতাংশ, ত্রিপুরায় ৭৫ শতাংশ, অরুণাচল প্রদেশে ৯০.৮ শতাংশ, মিজোরামে ১১২.৩ শতাংশ এবং মেঘালয়ে ১৬৩.৫ শতাংশ বন্দি রয়েছে।