দুর্ঘটনায় গুরুতর আহত মরিকলং ডাকাতিতে অভিযুক্ত রাজিবুল

3

ভার্গব হাজরিকা, নগাঁও: নগাঁওয়ের মরিকলঙে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মুল অভিযুক্ত রাজিবুল ইসলাম গুরুতর আহত। রাতে নগাঁওয়ের বরঘাটে পুলিশের গাড়ি দুৰ্ঘটনার মুখে পড়ায় আহত হয় রাজিবুল ইসলাম। রাজিবুলকে নিয়ে নগাঁও পুলিশের একটি দল চুরি করা সোনার সন্ধানে অভিযানে নামার উদ্দেশ্যে যাচ্ছিল। সেসময় অন্য একটি গাড়ি পুলিশের গাড়িতে জোর ধাক্কা মারে। দুর্ঘটনায় পুলিশ অফিসার বিমান গগৈ সহ ২ পুলিশ কর্মীও আহত হন। গুরুতর আহত রাজিবুলের দুই পা এবং একটি হাত গুঁড়িয়ে গেছে। গুরুতর আহত রাজিবুলকে সঙ্কটজনক অবস্থায় ভৰ্তি করা হয়েছে নগাঁও মেডিক্যাল কলেজে।

মরিকলঙের বাসিন্দা ডাঃ রঞ্জিত শইকিয়ার ঘরে গত ২৪ এপ্রিল দরজা ভেঙে ঢুকেছিল ৮-১০ জনের ডাকাত দল। মাস্কে মুখ ঢাকা ডাকাতরা ডাঃ শইকিয়ার ঘরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায়। তাদের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন ডাঃ শইকিয়ার স্ত্রী রূপরেখা শইকিয়া। গুরুতর আহত রূপরেখাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপরেখা।

সিসিটিভি ফুটেজ দেখে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। ভিনরাজ্যের আরও ২ ডাকাতের একজন ছিল দুষ্কর্মের মাস্টারমাইন্ড। তার নাম ওমর আলি। জানা গেছে, কিছুদিন আগেই জেল থেকে পালিয়েছিল ওমর আলি। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি নিয়ে জোরদার তদন্তে নামে পুলিশ।

ডাকাতিতে অভিযুক্ত বন্দি রাজিবুল ইসলামকে নিয়ে চুরি যাওয়া সোনার খোঁজে অভিযানে নেমেছিল পুলিশ। রাস্তায় বরঘাট এলাকায় পুলিশের গাড়িটিকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তাতেই আহত হন পুলিশ অফিসার বিমান গগৈ এবং ২ পুলিশ কর্মী। গুরুতর আহত হয় বন্দি রাজিবুল ইসলাম। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।