অনুপ্রবেশ সমস্যায় উত্তপ্ত ইটানগর

4

ইটানগর: অরুণাচলের ইটানগরে উত্তপ্ত পরিস্থিতি। ইনার লাইন পারমিট, অনুপ্রবেশের সমস্যা নিয়ে গত দুদিন ধরে উত্তপ্ত ইটানগর। ৩৬ ঘণ্টা ধরে আন্দোলনের আবহে রাজধানী ইটানগরে বিক্ষিপ্ত ঘটনা। অবিলম্বে আইএলপি প্রবর্তন এবং অনুপ্রবেশ সমস্যা সমাধ্যানের দাবিতে সরব অরুণাচলবাসী। তফসিলি উপজাতি বাঁচাও আন্দোলন কমিটির ডাকে সাড়া দিয়ে শুক্রবার ইটানগরের রাজপথে বেরিয়ে আসেন হাজার হাজার লোক। বনধ চলাকালীন ৪১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন প্রতিবাদকারীরা।

ছবি: নিজস্ব

ছবি: নিজস্ব

জানা যাচ্ছে এদিন নাহারলগুন থেকে ইটানগরের দিকে মিছিল করে যাওয়ার সময় প্রথম পর্যায়ে শান্ত ছিল পরিবেশ। পরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রতিবাদকারীরা রাস্তায় গাড়িকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস এবং শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে। পরে সন্ধ্যায়, বনধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা আবারও জাতীয় সড়ক অবরোধ করে। যার ফলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি সামলাতে কমিটির বেশ কয়েকজন সদস্যকে আটকও করে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়েও দেয় পুলিশ।

বর্তমানে এলাকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। শনিবার থেকে বন্ধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রতিবাদকারীরা। তবে বনধে ব্যহত হয়েছে রাজধানীর স্বাভাবিক জনজীবন।
পুলিশ জানিয়েছে, তফসিলি উপজাতি বাঁচাও আন্দোলন কমিটি সংক্ষেপে STBAC বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে ৩৬ ঘণ্টা বন্ধের ডাক দেয়। রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইএলপি ব্যবস্থার কঠোর প্রয়োগ এবং ডিজিটাইজেশনের দাবিতে বনধের ডাক দিয়েছিল কমিটি।

তফসিলি উপজাতি বাঁচাও আন্দোলন কমিটি রাজ্যে বেআইনি অনুপ্রবেশ, জাল আইএলপি এবং বিদ্যমান ইনার লাইন পারমিট ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সদস্যরা। ষষ্ঠ তফসিলি আইনের অধীনে আদিবাসীদের জমির অধিকার এবং সাংবিধানিক সুরক্ষার পাশাপাশি অরুণাচল প্রদেশের জনসংখ্যাতাত্ত্বিক এবং সাংস্কৃতিক পরিচয় সংক্রান্ত বিষয়গুলিতে আরও স্বচ্ছতার দাবি উঠেছে।