মরিকলং ডাকাতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু?
ভার্গব হাজরিকা, নগাঁও: নগাঁওয়ের মরিকলঙে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় মুল অভিযুক্ত রাজিবুল ইসলাম গুরুতর আহত। রাতে নগাঁওয়ের বরঘাটে পুলিশের গাড়ি দুৰ্ঘটনার মুখে পড়ায় আহত হয় রাজিবুল ইসলাম। নগাঁও পুলিশের একটি দল চুরি করা সোনার খোঁজে রাজিবুলকে নিয়ে যাচ্ছিল। সেসময় অন্য একটি গাড়ি পুলিশের গাড়িতে জোর ধাক্কা মারে। দুর্ঘটনায় পুলিশ অফিসার বিমান গগৈ সহ ২ পুলিশ কর্মীও আহত হন। গুরুতর আহত রাজিবুলের দুই পা এবং একটি হাত গুঁড়িয়ে যায়। গুরুতর আহত রাজিবুলকে আশঙ্কাজনক অবস্থায় ভৰ্তি করা হয় নগাঁও মেডিক্যাল কলেজে।
গত ২৪ এপ্রিল মরিকলঙের বাসিন্দা চিকিৎসক রঞ্জিত শইকিয়ার বাড়িতে দরজা ভেঙে ঢোকে ৮-১০ জনের ডাকাত দল। ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হন রঞ্জিত শইকিয়ার স্ত্রী রূপরেখা শইকিয়া। গুরুতর আহত রূপরেখাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
পরে সিসিটিভি ফুটেজ দেখে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। ভিনরাজ্যের আরও ২ ডাকাতদের একজন ছিল এই ডাকাতি কাণ্ডের মাস্টারমাইন্ড। তার নাম ওমর আলি। জানা গেছে, কিছুদিন আগেই জেল থেকে পালিয়েছিল ওমর আলি। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশ।
গুরুতর আহত রাজিবুল ইসলাম এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে পুলিশের ঘোরাটোপে অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। প্রশ্ন উঠছে, পুলিশি পাহারা থাকার পরও কিভাবে এই ঘটনা ঘটল? অভিযুক্ত রাজিবুলকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল না তো?