উৎপল দাস, আজারা : অসমের যুবকের বিশ্বজয়। গুয়াহাটির আজারার বাসিন্দা দীপন মেধি আয়রনম্যান ট্রায়াথলনে বিশ্বের সেরা বলে বিবেচিত হলেন। বিশ্বের সামনে ভারতের প্রতিনিধিত্ব করে অসমের দ্রুততম মানুষ বলে প্রমাণ করলেন দীপন।
গত ১০ মে, ভিয়েটনামের ডা নাং শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের ভিএনজি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিশ্বখ্যাত আয়রনম্যান ট্রায়াথলন শীর্ষক এই সহনশীলতার প্রতিযোগিতায় শারীরিক সক্ষমতা এবং দক্ষতার মিশেলে এক অতিমানবিক যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই অসম সন্তান। আজারার সেনা অফিসার পবিত্ৰ মেধি এবং তরুবালা মেধির একমাত্ৰ সন্তানের এই সাফল্যে গর্বিত সমগ্র অসম।

কেন গুরুত্বপূর্ণ এই আয়রনম্যান(IRONMAN) ট্ৰায়াথলন প্রতিযোগিতা। চরম সহনশীলতার এই প্রতিযোগিতায় প্রথমে ছিল দক্ষিণ চীন সাগরে ৩.৮ কিমি ফ্রি-হ্যান্ড সাঁতার, তারপর ১৮০ কিমি সাইক্লিং এবং শেষে ৪২.২ কিমি পূৰ্ণ ম্যারাথন দৌড়। পরপর এই দীর্ঘ সাঁতার, সাইক্লিং এবং দৌড় মিলিয়ে যে বিশাল দূরত্ব অতিক্রম করতে হয়েছে তাতে দীপন সময় নিয়েছেন মাত্র ১৩ ঘণ্টা ১১ মিনিট ২৪ সেকেন্ড। প্রচণ্ড শারীরিক সক্ষমতা, অকল্পনীয় মানসিক শক্তি এবং অকল্পনীয় দক্ষতা ছাড়া এটা অসম্ভব। এই বিরাট সাফল্যে বিশ্ব জুড়ে সম্মানিত আয়রনম্যান খেতাব পেয়েছেন দীপন মেধি।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম কঠিন সাফল্য হিসেবে বিবেচিত হয় এই সাফল্যকে। এর আগে, ২০২৬ সালের ফেব্ৰুয়ারিতে আয়রনম্যান ৭০.৩ প্ৰতিযোগিতাতে নেমেও দীপন মেধি দ্ৰুততম অসমিয়া ক্ৰীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েছিলেন। আন্তর্জাতিক ট্রায়াথলন মঞ্চে দীপনের এই ধারাবাহিক সাফল্য বিশ্বমঞ্চে উত্তর-পূৰ্বাঞ্চলের ক্ৰীড়াবিদদেরও সম্মানিত করেছে।
আজ বাড়িতে এসে দীপনকে শুভেচ্ছা জানান অসংখ্য স্থানীয় মানুষ এবং শুভাকাঙ্ক্ষীরা। ক্ৰীড়াপ্ৰেমী এবং শুভাকাঙ্ক্ষীদের মুখে মুখে দীপনের অধ্যবসায়, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্ৰমের ভূয়সী প্ৰশংসা। দীপনের এই সাফল্যকে আগামী প্ৰজন্মের জন্য অনুপ্ৰেরণা বলে মনে করছেন সকলে।