গুয়াহাটি: দেশে সদ্য শেষ হল পাঁচ রাজ্যের নির্বাচন। অসম, পশ্চিমবঙ্গ, কেরলম, তামিলনাড়ু, পদুচেরিতে হয়ে গেল বিধানসভা ভোট। আর ভোট শেষ হতেই হুরুহুর করে বাড়তে শুরু করেছে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অভিযোগ উঠেছে, ভালো দিনের স্বপ্ন দেখিয়ে, পরিবর্তনের কথা বলে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। কিন্তু গেরুয়া সরকারের আমলে সাংঘাতিকভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে। ওষুধপত্র থেকে শুরু করে চাল, ডাল, চিনি থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ছে। মধ্য প্রাচ্যের যুদ্ধের আঁচ পড়েছে দেশে। দাম বেড়েছে জ্বালানি দ্রব্য পেট্রোল, ডিজেল, সিলিন্ডারের। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত সাধারণ মানুষের। তারই প্রতিবাদে শনিবার গুয়াহাটি মহানগরে সরব হলেন ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতির সদস্যরা।
সরকার বিরোধী স্লোগান হাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব সমিতির সদস্যরা। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়ে কুশপুতুল পোড়াতে গেলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। সেসময় বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। একটা সময় আন্দোলনকারীদের হাত থেকে কুশপুতুল কেড়ে নেয় পুলিশ। সমিতির সদস্যদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পরিবেশ। সরকারের বিরোধী একাধিক স্লোগানে সরব হন সমিতির তরুণ সদস্যরা।
অসমবাসী মূল্যবৃদ্ধি থেকে কিভাবে স্বস্তি পাবে? সেই চিন্তা নেই কেন্দ্র সরকারের। টাকার অভাবে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। বাড়িতেই মৃত্যু হচ্ছে। এদিন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন প্রতিবাদকারীরা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে না এলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে শান্তিতে সরকার চালাতে দেওয়া হবে না। হুঁশিয়ারি সংগ্রাম সমিতির সদস্যদের।