নিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের আমস্টারডম থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক। হুলস্থুল কাণ্ড মাঝ-আকাশেই। বিমানটি আমস্টারডম ছাড়ার পরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে বার্তা আসে, বিমানে বোমা রয়েছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ইমেল মারফত ওই বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ওই ইমেলে বলা হয়, কুয়ালালামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী বিমান বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল পাওয়ার পর বিমানটিকে সতর্ক করা হয়। আরও বলা হয়, গন্তব্যে পৌঁছোনোর আগেই বিস্ফোরণ হতে পারে। বিমানে বোমার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হায়দরাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি অবতরণের বার্তা পাঠান তিনি। সেই খবর পেয়েই বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। মোতায়েন করা হয় অ্যাম্বুল্যান্স, দমকল এবং উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করান। যাত্রীদের দ্রুত বিমান থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক তেমন কিছু মেলেনি বলে সূত্রের খবর। এই প্রথম নয়, শামসাবাদ বিমানবন্দরে এর আগেও বোমাতঙ্ক ছড়িয়েছিল। এই নিয়ে তৃতীয়বার। শনিবারও এয়ার এশিয়ার একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেটি মালয়েশিয়া থেকে হায়দরাবাদ আসছিল। তবে সেই বিমানেও সন্দেহজনক কিছু মেলেনি। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।