আরজিকর মামলা শুনতে বিশেষ বেঞ্চ হাইকোর্টের

72

কলকাতা, পৃথা দাশগুপ্ত: আর জি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ সংক্রান্ত মামলাগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্ট কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আরজিকর কাণ্ডের সমস্ত মামলা পাঠিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল।

প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নিহত চিকিৎসকের পরিবারের আরজি কর ঘটনাস্থল পরিদর্শন-সহ সমস্ত আবেদনের শুনানি হবে নতুন ডিভিশন বেঞ্চে। এর আগে এই মামলা আগে কলকাতা হাই কোর্টের তিনটি বেঞ্চ ছেড়ে দিয়েছে। গত ১২ মে ‘এই গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি প্রয়োজন’ এই পর্যবেক্ষণ রেখে মামলা ছেড়ে দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

মামলা ছাড়ার পাশাপাশি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে এও জানানো হয়েছিল , সাজাপ্রাপ্ত সঞ্জয় রাই অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি, প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়। এরপর এই নতুন ডিভিশন বেঞ্চ গঠন হল। সূত্রের খবর,সোমবার নতুন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরা।