আমেরিকায় এয়ার শো চলাকালীন ২ যুদ্ধবিমানের সংঘর্ষ, সুরক্ষিত চার পাইলট

6

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোতে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশে নৌবাহিনীর দুই যুদ্ধবিমানের সংঘর্ষ। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে একটি এয়ার শো চলাকালীন মার্কিন নৌবাহিনীর দু’টি ইএ-১৮জি গ্রোলার (EA-18G Growler) ফাইটার জেট মাঝ আকাশে পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ হতেই দ্রুত চার পাইলট ইজেকশন সিস্টেম ব্যবহার করে বেরিয়ে আসেন। পরে সবাইকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই সময় বিমান ঘাঁটিতে চলছিল ‘গানফাইটার স্কাই এয়ার শো’। ভেঙে পড়া দু’টি বিমানই মার্কিন নৌবাহিনীর উন্নত মানের ফাইটার জেট ছিল। বিমান দু’টি এয়ারবেস থেকে প্রায় দুই মাইল দূরে ভেঙে পড়ে।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, আকাশে সংঘর্ষের সঙ্গে সঙ্গে দু’টি বিমানই আগুনের গোলায় পরিণত হয়। তবে সংঘর্ষের পরই দু’টি বিমান থেকে চারজন প্যারাসুটধারী পাইলটকে দেখা যায়। মার্কিন নৌবাহিনী নিশ্চিত করে, চারজন ক্রু সদস্যই নিরাপদে রয়েছেন।

দীর্ঘ ৮ বছর পরে এই এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল তা দেখার জন্য। আয়োজকরা প্রায় দুই বছর ধরে শোয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার পরে সমস্ত ইভেন্টই বাতিল করা হয়। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তারা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।