নিউজ ডেস্ক : সুইডেনের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী। ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস’ ভূষিত হলেন নরেন্দ্র মোদী। ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার হাত থেকে এই সম্মান গ্রহণ করে দেশের মানুষকে উৎসর্গ করলেন তিনি। এই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩১টি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান লাভ করলেন তিনি।
পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘এটি শুধুমাত্র ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর গৌরব ও ভারত-সুইডেন সম্পর্ককে মজবুত করার পিছনে দুই দেশের যে সমস্ত বন্ধুরা অবদান রেখেছেন, এটি তাঁদের সকলের সম্মান।’ বাণিজ্য, গ্রিন এনার্জি, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ভারত ও সুইডেনের পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়া হয়েছে।
পঞ্চরাষ্ট্র সফরের তৃতীয় দিনে সুইডেনে প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এই সফরেই ভারত ও সুইডেন তাদের কূটনৈতিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নত করার বিষয়ে সহমত পোষণ করেছে। পুরস্কার গ্রহণের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন ‘ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে। সেখানে দুই দেশের বাণিজ্য ও শিল্পের প্রসারে জোর দেন তিনি।