‘জনতার দরবার’ শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী

16

১৮ মে, ২০২৬, দেবারতি ঘোষ : ভোটের প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি মেনে সোমবার থেকে বিধাননগরে বিজেপির দফতরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ‘জনতার দরবার’ কর্মসূচি শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। শুরুর দিনে প্রচুর মানুষের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ নিজেদের সমস্যা, অভিযোগ ও দাবি সরাসরি শুভেন্দু অধিকারীর সামনে তুলে ধরার সুযোগ পেলেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক দুর্নীতি, জমি সংক্রান্ত সমস্যা, পুলিশি নিষ্ক্রিয়তা, সরকারি পরিষেবা না পাওয়া-সহ একাধিক বিষয় নিয়ে মানুষ এদিন অভিযোগ জানান। দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের কথা শোনেন মুখ্যমন্ত্রী এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দলীয় ও আইনগত সহায়তার আশ্বাস দেন।

বিপুল সমর্থন নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। এখনও পর্যন্ত প্রশাসনের সর্বস্তর ঢেলে সাজানো সম্ভব হয়নি। তাই অপেক্ষা না করে নিজেই সমস্যা সমাধানের উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জনতার দরবারের মাধ্যমে মানুষের সমস্যা সরাসরি শুনে তার সমাধানের চেষ্টা করা হবে।

এই কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের সাধারণ মানুষ প্রশাসনের কাছে ন্যায়বিচার পাননি। বিজেপির দরজা মানুষের জন্য সবসময় খোলা। রাজ্যের বহু মানুষ ভয় ও চাপে নিজেদের কথা প্রকাশ করতে পারেননি। নতুন সরকারের স্লোগানই হচ্ছে, ভয় নয় ভরসা। সেই ভরসা যোগাতেই মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।’

বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, আগামী দিনে নিয়মিতভাবে এই জনতার দরবার চলবে এবং সাধারণ মানুষের সমস্যাকে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তুলে ধরা হবে।

মহিলারা যাতে স্বচ্ছন্দে অভিযোগ জানাতে পারেন, সে কথা মাথায় রেখে লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীকেও সঙ্গে রেখেছিলেন মুখ্যমন্ত্রী।

প্রথম দিনেই সল্টলেকে বিজেপি অফিসে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিজেদের অভিযোগের কথা জানাতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনা এবং সমস্যার সমাধান হয়নি। এবার সরাসরি প্রশাসনের প্রধানকে জানাতে পারবেন সমস্যার কথা।