ঐতিহাসিক ভাষা আন্দোলন, উনিশে মের আবাহন

10

১৮মে, পাপলু দাস, শিলচরঃ বরাক উপত্যকার আত্মপরিচয়, অধিকার আদায় ও ভাষা আন্দোলনের চেতনাকে সামনে রেখে ফের দুয়ারে কড়া নাড়ছে ঐতিহাসিক ১৯শে মে। এই দিনটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাংস্কৃতিক আবহে মুখর হয়ে উঠেছে গোটা বরাক উপত্যকা। বঞ্চনা, অবহেলার অভিযোগ এবং ন্যায্য দাবিগুলিকে তুলে ধরতে শুরু হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি।

শিলচর শহরের সংগঠনগুলির যৌথমঞ্চ ‘সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ’-এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলছে রবীন্দ্র, নজরুল ও সুকান্ত স্মরণ অনুষ্ঠান। এই ধারাবাহিকতায় রবিবার আয়োজন করা হয় “১৯-এর মহান পথ চলা”। এক বিশাল শোভাযাত্রা পথপরিক্রমা করে। বিকাল চারটায় রাঙ্গিরখারি থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের মূল সড়কগুলি পরিক্রমা করে শেষ হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে। হাতে হাতে ব্যানার, ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিশিষ্ট নাগরিক এবং অসংখ্য সাধারণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা এবং শিলচরের বিধায়ক ডঃ রাজদীপ রায় সহ শহরের বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠান শেষে দুই বিধায়কই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরাক উপত্যকার ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‘সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, উনিশে মে-কে সামনে রেখে আগামী কয়েকদিন ধরে চলবে আরও একাধিক সাংস্কৃতিক ও স্মরণীয় কর্মসূচি।