দুর্নীতি ও নারী নির্যাতনের তদন্তে কমিশন গড়ল বাংলার সরকার

34

১৮ মে, দেবারতি ঘোষ: বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুই তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাই কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তদন্ত কমিশনগুলি ১ জুন থেকে কাজ শুরু করবে। দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখবে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন। সদস্যসচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস কে জয়রামনকে।

মহিলা ও শিশুকন্যাদের উপর অপরাধ খতিয়ে দেখার জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তাঁর সঙ্গে সদস্যসচিব হিসাবে থাকবেন আইপিএস দময়ন্তী সেন।

গত সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেই বৈঠক শেষে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, দ্বিতীয় বৈঠকে দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগের বিষয়ে আলোচনা হবে। সেই মতো দুই তদন্ত কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভা।