বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের ভাতা

23

১৮ মে , ২০২৬ দেবারতি ঘোষ: ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে প্রকল্প বন্ধের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে সমস্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। মে মাস পর্যন্ত এই প্রকল্প চললেও জুন মাস থেকে তা বন্ধ করা হবে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেবে পশ্চিমবঙ্গ সরকার। জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সোমবার ছিল রাজ্যের নতুন মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুও।

বাংলার মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারিদের ডিএ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে তাকিয়ে ছিলেন অনেকে। বৈঠকের শেষে অগ্নিমিত্রা পাল জানান রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলার মন্ত্রিসভা।

নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান , যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে চলে যাবে। প্রকল্পের ৩ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। মন্ত্রী আরও জানান ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পেও অনুমোদন দিয়েছে বাংলার মন্ত্রিসভা।

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্ত চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে নতুন করে সমস্ত নথি খতিয়ে দেখা হবে। হাইকোর্টের যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে সেই বিষযে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।