সরকারি চাকরির বয়সসীমা বাড়ল ৫ বছর, জারি বিজ্ঞপ্তি

44

১৯ মে, ২০২৬, দেবারতি ঘোষ: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য অবশেষে সুখবর। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্ব বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তে আনুষ্ঠানিক সিলমোহর দিল। সোমবার মুখ্যসচিবের দফতর থেকে জারি করা প্রেস নোটে জানানো হয়েছে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ দফতর ইতিমধ্যেই সংশোধিত বয়সসীমার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নিয়ম কার্যকর হয়েছে চলতি বছরের ১১ মে থেকেই।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ‘A’ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘B’ পদের ক্ষেত্রে তা ৪৪ বছর এবং গ্রুপ ‘C’ ও ‘D’ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর। তবে যে সমস্ত পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা নির্ধারিত রয়েছে, সেখানে পুরনো নিয়মই বহাল থাকবে।

এছাড়াও পাবলিক সার্ভিস কমিশন ছাড়া অন্যান্য নিয়োগকারী সংস্থা, সরকারি কোম্পানি ও স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া নিয়োগের ক্ষেত্রেও ঊর্ধ্ব বয়সসীমা একযোগে ৪৫ বছর করা হয়েছে বলে জানানো হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্তের সুবিধা প্রথম পেতে চলেছেন সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের প্রার্থীরা। কলেজ সার্ভিস কমিশনের চলতি নিয়োগ প্রক্রিয়াতেও নতুন বয়সসীমা কার্যকর হবে। ফলে আগের ৪০ বছরের পরিবর্তে এবার ৪৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বর্তমানে যে অতিরিক্ত বয়সে ছাড় চালু রয়েছে, তা আগের মতোই বহাল থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে।

রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে বহু নতুন প্রার্থী সরকারি চাকরির সুযোগ পাবেন এবং কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি কলেজ সার্ভিস কমিশনের আবেদনের শেষ তারিখও এক মাস বাড়ানো হবে বলে জানানো হয়েছে, যাতে নবভাবে যোগ্য হওয়া প্রার্থীরা আবেদন করার সুযোগ পান।