LANDSLIDE : হাইলাকান্দির পাঁচগ্রামে ধস, নিশ্চিহ্ন একাধিক বাড়ি, এলাকায় আতঙ্ক

13

অমিতাভ শর্মা, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে বিপর্যয়। পাঁচগ্রামের দাস কলোনিতে ভয়াবহ ধস। ধসে নিশ্চিহ্ন হয়ে গেল একাধিক বাড়ি। এই এলাকায় ভূমিধস নতুন ঘটনা নয়। গত কয়েক বছর ধরেই দাস কলোনিতে ধস নামছে। সম্প্রতি বিরামহীন বৃষ্টিতে ধস নামায় সুকুমার দাস নামে এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। টানা ঝড়-বৃষ্টি এবং জলের স্রোত নামায় দেখি দিয়েছে ভয়াবহ দুর্যোগ। ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

পাহাড় থেকে নেমে আসা একটি নালা শহরের বুক চিরে বরাক নদীতে গিয়ে মিশেছে। এই নালার দুই পারের মাটি প্রতিনিয়ত ধসে পড়ছে। বৃষ্টি হয়ে ভাঙন তীব্র হয়ে ওঠে। লাগাতার ভাঙনের ফলে এলাকার বাসিন্দা বীণা দাশগুপ্ত, বীরেন্দ্র দাস, দ্বিজেন দাস, সুদিন দাস ও গীতা দাসের বাড়ি বিপদের মুখে। নালার উপরে বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বিশেষ করে বর্ষায় জলের স্রোতের তীব্রতা বেড়ে গেলে ভাঙনের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
শুধু বাড়িঘরই নয়, এলাকার গুরুত্বপূর্ণ দাশগুপ্ত সেতুটিও এখন ভাঙনের মুখে। দ্রুত পদক্ষেপ না নিলে যে-কোনও সময় সেতুটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়ার প্রবল আশঙ্কা। সেরকম হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এলাকার বাসিন্দারা স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।