১৮ মে, দেবারতি ঘোষ ও রণজয় মুখোপাধ্যায়: রাজ্য স্কুলশিক্ষা দফতরের তরফে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। গত ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ১৪ মে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরে সম্ভাব্য প্রথম স্থানাধিকারী আদৃত পালের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে বাংলার নতুন সরকার ।
সোমবার ধনধান্য অডিটোরিয়ামে কৃতী পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে প্রকৃত শিক্ষা আহরণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে ওঠার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে মেধার অভাব নেই। আমেরিকা, ইউরোপের নানা প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গের মেধাবীরা। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা চাই সেরা মেধা পশ্চিমবঙ্গেই থাকুক।
শুভেন্দু অধিকারী আরও বলেন, ” বাংলার সরকার এ বার ‘বিবেকানন্দ মেরিটস স্কলারশিপ যোজনা’ চালু করবে।” ‘নারীশিক্ষায় বিশেষ অগ্রাধিকার’, দেশের প্রথম শিক্ষামন্ত্রী সর্বপল্লী রাধাকৃষ্ণণের ‘শিক্ষার মার্গদর্শন’ সংক্রান্ত প্রসঙ্গও বাংলার কৃতি ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। কৃতীদের কাছে শুভেন্দু অধিকারীর আবেদন,”মাঝে মাঝে স্মার্টফোনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এজিজে আব্দুল কালামের বক্তৃতা এবং আলাপচারিতাগুলি শুনুন।” ধনধান্য স্টেডিয়ামের মঞ্চ থেকেই রাজ্যের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,” স্কুলে শিক্ষার নামে ফিস এতটাও নেওয়া উচিত নয় যাতে সাধারণ মানুষের অসুবিধা হয়।”