ওয়াকওভার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের, ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

24

দেবারতি ঘোষ, কলকাতা: বলে ছিলেন ‘ঝুঁকেগা নেহি’, কিন্ত ‘পুষ্পা’ ঝুকলেন শুধু নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে তিনি ওয়াকওভার দিয়ে দিলেন। ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।

বঙ্গে দ্বিতীয় দফায় ফলতায় নির্বাচন হয়। সে সময় পুলিশ পর্যবেক্ষ অজয়পাল শর্মার সঙ্গে ঠান্ডা লড়াই দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের। যোগীরাজ্যে পরিচিত ‘সিংহম’ পুলিশ অফিসারের সামনে ‘পুষ্পা’ জাহাঙ্গির বলেই দিয়েছিলেন, ‘ঝুঁকেগা নেহি’। কিন্তু নির্বাচনে জোড়াফুলের ভরাডুবির পর পুনর্নির্বাচনের ঠিক ২দিন আগে ঝুঁকলেন পুষ্পা। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

জাহাঙ্গির খানের ঘোষণা, ‘আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। তাই আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি ২১ মে যে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক।’

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলতা পুনঃনির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত জাহাঙ্গির খান নিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। ৪ঠা মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে শুধু ফলতাতেই আমাদের দলের শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দিনের আলোতে ভয় দেখিয়ে দলের বেশ কয়েকটি কার্যালয় ভাঙচুর করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এবং দখল করা হয়েছে, অথচ বারবার অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন দেখেও না দেখার ভান করে চলেছে। এইসব চাপের মুখেও আমাদের কর্মীরা অটল রয়েছেন এবং বিভিন্ন সংস্থা ও প্রশাসনের মাধ্যমে বিজেপির চালানো ভয়ভীতির বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। তবে, শেষ পর্যন্ত কেউ কেউ চাপের কাছে নতি স্বীকার করে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গির। গ্রেফতারি এড়াতে আদালতের কাছ থেকে রক্ষাকবচও নেন। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে ‘পুষ্পা’ জানালেন তিনি আর এই ভোটের লড়াইয়ে নেই!

বিজেপি এবং বাম নেতৃত্বের দাবি, ফলতার মাটিতে তৃণমূলের সংগঠনের ভাঙনই এই ঘটনার মূল কারণ। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্ষমতায় থাকার দরুন মানুষকে ভয় দেখিয়ে তারা ভোটে জিততেন এখন যেহেতু ক্ষমতা চলে গিয়েছে, তাই এই সিদ্ধান্ত বলে বিরোধীদের মত।

প্রতিদ্বন্দ্বিতা না করলেও ইভিএমে জাহাঙ্গিরের নামেই বোতাম থাকবে। অন্য দিকে, মঙ্গলবার ফলতায় ‘রোড শো’ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গিরের ঘোষণার পর গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মাততে দেখা গেল পদ্মশিবিরের কর্মী এবং সমর্থকদের।