বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে

75

কাটিগড়া, প্রদীপ্ত পুরকায়স্থ: কাটিগড়ায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ঘনিষ্ঠের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য।

কাটিগড়ার কুশিয়ারকুল পঞ্চায়েতের নাথানপুর, বিশ্বম্ভরপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। সেই বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েই গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। টাকা নেওয়ার অভিযোগ পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথ ও তার সঙ্গী জয় দাসের বিরুদ্ধে। নাথানপুর, বিশ্বম্ভরপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে তারা কারোর কাছ থেকে হাজার, আবার কারোর কাছ থেকে দেড় হাজার টাকা নিচ্ছে।

নিরুপম নাথ বিধায়ক কমলাক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দোহাই দিয়ে এলাকাবাসীকে ভুল বুঝিয়ে টাকা নিচ্ছেন বলেও অনেকের অভিযোগ। বিজেপি দলের একজন কর্মকর্তার এধরনের আচরণে সরব কুশিয়ারকুল পঞ্চায়েতের বাসিন্দারা।

প্রসঙ্গত, কিছুদিন আগে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্পষ্ট ভাষায় বলেছিলেন যে, যদি কেউ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য টাকা নেয় তবে তার বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এখন তার দলেরই ওবিসি নেতা নিরুপম নাথের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ কী পদক্ষেপ নেন, সেটাই দেখার বিষয়।