জায়গা পেলেন না শামি, রোহিত-পান্ডিয়াকে নিয়েও ঝুলে রইল শর্ত

27

নিউজ ডেস্ক : রঞ্জিতে ভাল পারফরম্যান্স সত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় টেস্ট ও একদিনের ক্রিকেট দলে জায়গা পেলেন না মহম্মদ শামি। গুয়াহাটিতে টিম সিলেকশনে শামিকে নিয়ে কথাই হল না নির্বাচকদের মধ্যে। কার্যত শেষের মুখে বাংলার পেসারের ক্রিকেট কেরিয়ার। রোহিত ও পান্ডিয়াদের ক্ষেত্রেও শর্ত ঝুলিয়ে দিলেন আগরকররা। ফিটনেস টেস্টে পাশ করলেই খেলার সুযোগ পাবেন দুই তারকা ক্রিকেটার।

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট দল নির্বাচনে বসেছিলেন গম্ভীর-আগরকররা। সেখানেই বুমরা ও জাদেজাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোলিং স্কোয়াডে মহম্মদ শামিকে যুক্ত করার কথাই কার্যত মাথায় এল না নির্বাচকদের।

পনের জনের টেস্ট দলের জন্য নতুন তিন মুখকে ভাবা হয়েছে। হর্ষ দুবে, মানব সুতার এবং গুরনুর ব্রার। ২৫ বছরের গুরনুর জোরে বোলার। ব্যাট হাতে খারাপ নন। ২৩ বছরের মানব বাঁহাতি স্পিনার এবং ব্যাটার। ২৩ বছরের হর্ষও বাঁহাতি স্পিনার এবং বাঁহাতি ব্যাটার। এই দুজনই অলরাউন্ডার। আফগানিস্তানের বিরুদ্ধে মানব, গুরনুর বা হর্ষ প্রথম একাদশে সুযোগ না পেলেও শুভমনদের সাজঘরের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যি করে টেস্ট দলের সহ অধিনায়কত্ব হারালেন ঋষভ পন্থ। তার জায়গায় কে এল রাহুলকে বেছে নিয়েছেন নির্বাচকরা। একদিনের ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন ঋষভ। বিকল্প উইকেটরক্ষক হিসেবে নির্বাচকদের কাছে দুটি পছন্দ ছিল। এক সঞ্জু স্যামসন ও দুই ইশান কিষণ। সে ক্ষেত্রে সঞ্জু স্যামসন সুযোগ করতে পারলেন না, ইশান্ত কিষণেই আস্থা রাখলেন আগরকাররা।

তাহলে টেস্ট ও একদিনের ক্রিকেটের জন্য দল হল:

টেস্ট দল: শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দেবদত্ত পডিক্কল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষ দুবে, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুতার এবং গুরনুর ব্রার।

ওডিআই দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, নীতীশকুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।