নিউজ ডেস্ক: মঙ্গলবার রোমে পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোমের কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্টও করেন জর্জিয়া মেলোনি। সেই পোস্টে মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে মেলোনি লেখেন ‘রোমে স্বাগতম, আমার বন্ধু!’ পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদীও। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন ‘রোমে পৌঁছে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার এবং ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের সুযোগ হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেছি। আজকের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। সেখানে আমরা ভারত-ইতালির বন্ধুত্বকে কী করে আরও জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা চালিয়ে যাব।’ ভাইরাল হওয়া ছবিটি ১৫ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। প্রসঙ্গত, ৬ দিনে ৫টি দেশ সফরে গিয়েছেন মোদী। সংযুক্ত আরব আমিরশাহি সহ নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস হয়ে শেষ পর্যায়ে ইতালির রোমে মঙ্গলবার পা দেন ভারতের প্রধানমন্ত্রী।

২০২৪ সালের জুনে জি-৭ শীর্ষ সম্মেলনের পর এটাই মোদীর প্রথম ইতালি সফর। বুধবার ভিলা ডোরিয়া পামফিলিতে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। ২০২৯ সালের মধ্যে দু’দেশের বাণিজ্যের পরিমাণ দু’হাজার কোটি ইউরোতে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটা যৌথ ঘোষণাপত্রও প্রকাশ করতে পারেন মোদী-মেলোনি। দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদী ও মেলোনি দুদেশের শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন। অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্যের পাশাপাশি আলোচনা হতে পারে সমুদ্র পরিবহণ, কৃষি, উচ্চশিক্ষা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, আর্থিক অপরাধ দমনের মতো বিষয়গুলি নিয়েও। হতে পারে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি। এছাড়াও পশ্চিম এশিয়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, হরমুজ প্রণালীতে মুক্ত বাণিজ্য নিয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। মেলোনি ছাড়াও ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লার সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।