ভারতে আসছেন পুতিন-জিনপিং

7

নিউজ ডেস্ক: সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন, বিশ্ব শক্তির দুই শীর্ষনেতা থাকবেন সেই অনুষ্ঠানে। পুতিনের অংশগ্রহণ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার রুশ দূতাবাস। চিনের প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করেছে ভারতের প্রথম সারির একটি সংবাদপত্র। শেষপর্যন্ত জিনপিং ভারতে এলে সেটা হবে ২০১৯-এর পর প্রথম সফর। সেবার তামিলনাড়ুর মামাল্লাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন চিনের প্রেসিডেন্ট। গলওয়ান উপত্যকায় ২০২০ সালের জুনে দুদেশের জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং ২০২২ সালের ডিসেম্বরে তাওয়াং সীমান্তেও দুদেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরপর রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলন চলাকালীন নরেন্দ্র মোদী ও জি জিনপিংয়ের সাক্ষাৎ ঘটেছিল।

বর্তমানে বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। স্বাভাবিকভাবেই রাশিয়া ও চিনের মতো মহাশক্তিধর দেশের শীর্ষনেতার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক নির্ণায়ক হয়ে দাঁড়াতে পারে। ইরান-আমেরিকা-ইজরায়েল যুদ্ধের ফলে গোটা বিশ্বই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিকস সম্মেলনে নতুন কোনও সমাধান সূত্র উঠে আসে কি না সেটাই দেখার। ব্রিকস তৈরি হয়েছিল ভারত, ব্রাজিল, রাশিয়া ও চিনকে নিয়ে। প্রথম ব্রিকস সম্মেলন হয়েছিল ২০০৯ সালে রাশিয়ায়। ২০১০ সালে ব্রিকসের সদস্য হয় দক্ষিণ আফ্রিকার। এরপর ব্রিকসে ঢুকেছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, আরব আমিরশাহি, সৌদি আরব এবং ইন্দোনেশিয়া।