নিউজ ডেস্ক, গুয়াহাটি: ঠিক এক মাস পর শুরু হচ্ছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম উৎসব অম্বুবাচি মেলা। ২২ জুন থেকে শুরু অম্বুবাচি মেলা, শেষ হবে ২৬ জুন। মন্দির কর্তৃপক্ষ বার্ষিক মেলা নিয়ে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে যাতে কয়েক লক্ষ তীর্থযাত্রীর কোনও অসুবিধা না হয়।
বিপুল মানুষের যাতায়াত মসৃণ করতে এবার পাণ্ডুর দিকে একটি অতিরিক্ত পথ তৈরি করা হয়েছে। যে পথ দিয়ে তীর্থযাত্রীরা ঢুকতে পারবেন মূল মেলায়। এ ছাড়া রয়েছে চিরাচরিত নার্সারি পথ। মেলা চলাকালীন গোলমাল এড়াতে ইতিমধ্যে কামাখ্যা মন্দির সহ আশপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
পূর্বের মহাকুম্ভ নামে পরিচিত অম্বুবাচি মেলা প্রতি বছর ৭ আষাঢ় শুরু হয় গুয়াহাটির নীলাচল পাহাড়ে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রী তো বটেই এমনকি সাধু-সন্ন্যাসী আসেন কামাখ্যা ধামে।
অম্বুবাচির সময় অন্তত ৪ দিন বন্ধ থাকে কামাখ্যা মন্দিরের দরজা। গুয়াহাটির প্রায় সব মন্দিরের দরজাও বন্ধ থাকে এই কয়দিন। হিন্দু ধর্মানুসারে ধরিত্রী বা বসুন্ধরার ঋতুমতী হওয়ার বার্ষিক উৎসব অম্বুবাচি। আষাঢ় মাসে সূর্য মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করলে এই সময়কাল শুরু হয়। এই কয়েকদিন (প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত) অসমে কৃষিকাজ ও মাঙ্গলিক অনুষ্ঠান সাধারণত করা হয় না।