পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে? কমিশনে গেল ৩ নাম

10

পৃথা দাশগুপ্ত, কলকাতা: এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যসচিবেরও দায়িত্ব সামলাচ্ছেন। আগামী ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সিইও পদে তাঁর অবসরের মেয়াদ। তাই সিইও বাছাইয়ের জন্য তিনটি নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হল। নিয়ম মেনে মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের প্যানেল ওই তিন আইএএস আধিকারিকের মধ্যে থেকে একজনকে রাজ্যের পরবর্তী সিইও বেছে নেবেন।

নির্বাচন কমিশন সূত্রের খবর, নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসুর নাম পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। মঙ্গলবার সন্ধেয় এই তিনজনের নাম পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। মনোজ কুমার আগরওয়াল হলেন ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। ২০২৫ সালের মার্চে রাজ্যের সিইও পদে নিয়োগ করা হয় তাঁকেয তার আগে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। এছাড়াও বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্বও সামলেছেন মনোজ আগরওয়াল। আপাতত তিনি একদিকে মুখ্যসচিব এবং অন্যদিকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সামলাচ্ছেন। এখন জাতীয় নির্বাচন সদন প্রস্তাবিত তিন নামের মধ্যে কাকে পরবর্তী সিইও পদে নিয়োগ করেন সেটাই দেখার।