‘উত্তরবঙ্গকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করব’, বাগডোগরায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

12

নিউজ ডেস্ক: প্রথম বিজেপি সরকার গঠনের এগারো দিনের মাথায় প্রথম উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিনের সফরে উত্তরবঙ্গে ৮ জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

এদিন বাগডোগরা বিমান বন্দরে পৌঁছেই মুখ্যমন্ত্রী জানান, ‘উত্তরবঙ্গকে ধন্যবাদ। উত্তরবঙ্গের পুণ্যভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকে দার্জিলিং ও উত্তরবঙ্গ প্রথম বিজেপিকে জায়গা করে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষের ঋণ শোধ করব। উত্তরবঙ্গের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ বিজেপি সরকার করবে।’

বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা উপস্থিত ছিলেন। বিমান বন্দরেই এদিন তিনি আরও জানান, ‘প্রতি মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা, বিজেপি সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রতি সপ্তাহে একদিন করে উত্তরকন্যায় অফিস করবে। উত্তরবঙ্গের মানুষের স্বপ্নকে পূরণ করবে সরকার।’

২০০৯ সালে প্রথমবার এরাজ্য থেকে সাংসদ পেয়েছিল বিজেপি। সেবার দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন যশোবন্ত সিং। এরপর ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও সেখানে জয় পেয়েছে বিজেপি। দার্জিলিং কেন্দ্র থেকে টানা দুবার জয় পেয়েছেন রাজু বিস্তা। ২০১৪ সালে দার্জিলংয়ে জমিতেছিলেন এস এস আহলুওয়ালিয়া।