বিকল্প জ্বালানি: নয়া প্রযুক্তি উদ্ভাবন IIT গুয়াহাটির

13

নিউজ ডেস্ক, গুয়াহাটি: বিকল্প জ্বালানি উৎপাদনে দারুণ সাফল্য IIT গুয়াহাটির। একদল গবেষক এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গবেষক দল এক নতুন কম্পোজিট কোটিং প্রযুক্তির উদ্ভাবন করেছেন। এই নতুন প্রযুক্তিতে সৌরশক্তি চালিত জল বিভাজন প্রক্রিয়ার কর্মক্ষমতা ৫০ শতাংশেরও বেশি বাড়বে নতুন এই প্রযুক্তির ব্যবহারে। IIT গুয়াহাটির গবেষকদের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল SMALL-এ।

গবেষণায় দেখা গেছে, প্রচলিত পদ্ধতিতে গ্যাসের বুদবুদ ইলেক্ট্ৰোডের গায়ে সেঁটে থাকার জেরে হাইড্ৰোজেন উৎপাদনের গতি অনেকটাই কমে যায়। এই সমস্যার সমাধানে IIT, গুয়াহাটির গবেষকরা বিশেষ ধরনের বুদবুদ-প্ৰতিরোধী হাইড্ৰোজেল কোটিং ব্যবহার করে বিস্ময়কর সাফল্য পান।

সৌরশক্তি চালিত জল বিভাজন প্রক্রিয়া

নতুন প্রযুক্তিতে কাৰ্বন নাইট্ৰাইড নামের আলোক-সংবেদী পদাৰ্থ নিকেল ফোমের সঙ্গে সংযোজন করা হয়েছে। তারই ফলে ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটকের স্থায়িত্ব যেমন বেড়েছে, তেমনই তার সক্রিয়তাও তীব্রতর হয়ে উঠেছে। গবেষণার ফলাফল অনুযায়ী, হাইড্ৰোজেন উৎপাদনে ৫১ শতাংশ বৃদ্ধি এবং অক্সিজেন উৎপাদনে ৪৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই গবেষণায় নেতৃত্ব দেন অধ্যাপক উত্তম মান্না। অধ্যাপক মান্না বলেন, এই প্রযুক্তিয়ে ভবিষ্যতে গ্রিন হাইড্ৰোজেন উৎপাদনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

এদিকে, অধ্যাপক মোহম্মদ কুরেশি জানান, নতুন উদ্ভাবিত এই প্রযুক্তিকে আরও উন্নত করে ব্যাপক পরিসরে ব্যবহারের লক্ষ্যে গবেষণা অব্যাহত থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্ভাবন স্বচ্ছশক্তি, সৌর শক্তি সংরক্ষণ এবং ভবিষ্যতের বিকল্প ইন্ধন প্রযুক্তিতে নতুন দিশা দেখাতে পারে।