মুর্শিদাবাদে ধৃত শান্তনুর বাড়িতে ED হানা, তালা ভেঙে তল্লাশি

42

বিনয় রায়, মুর্শিদাবাদ: আর্থিক বেনিয়মের অভিযোগ দিন কয়েক আগেই ED-র হাতে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদের কান্দিতে তাঁর পৈতৃক বাড়িতে তল্লাশি চালালো ED।

কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সাত সকালেই পৌঁছে যায় ED আধিকারিকদের একটি দল। প্রায় ৭ থেকে ১০ জন ED আধিকারিক ছিলেন। কান্দি পুর এলাকায় চোখ ধাঁধানো বিশাল বাড়ির সামনে গিয়ে থমকে যান ED আধিকারিকরা। বিশাল সুসজ্জিত লোহার দরজায় তালা দেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন তারা। বাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্ধ না পেয়ে একসময় বাড়ির বিশাল গেটের তালা ভাঙার সিদ্ধান্ত নেন ED আধিকারিকরা।

মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের পৈত্রিক বাড়িতে ED হানা

সাত সকালে কান্দির বিশ্বাস পাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দেখে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তবে কেউই বিশদে মুখ খুলতে রাজি হননি। সকলেই একরকম উঁকি ঝুঁকি মেরে এলাকা থেকে সরে যান বা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। ততক্ষণে গোটা এলাকারই দখল নিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাত সকালে যে টুকু কৌতূহলী ভিড় ছিল তা সরিয়ে দেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই বাড়িতে তালা ঝুলছে।

ED আধিকারিকরা বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন। বিশাল বাড়ির আনাচে কানাচে খুঁটিয়ে খুঁটিয়ে শুরু হয় খোঁজখবর। জমি বিক্রির অবৈধ কারবার থেকে টাকা নিয়ে পুলিশ কর্তাদের বদলি সহ নানা অভিযোগ ১৪ মে ইডির হাতে গ্রেফতার হয় শান্তনু সিনহা বিশ্বাস। এর আগে একাধিকবার ED তাকে সমন করলেও পাঁচ পাঁচবার শান্তনু হাজিরা এড়িয়ে যান। এরপর রাজ্যে ক্ষমতার হাত বদল হওয়ার পর ED দফতরে হাজিরা দেন শান্তনু। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শান্তনুকে গ্রেফতার করে ED। আপাতত আদালতের নির্দেশে ED হেফাজতে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাস।