নিউজ ডেস্ক: ১৮ জুন ১০ রাজ্যের ২৪ আসনে রাজ্যসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে উত্তর-পূর্বের চারটি রাজ্য। মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরামে একটি করে রাজ্যসভা আসনে ভোট হবে ১৮ জুন। এই ২৪ রাজ্যসভা সাংসদের মেয়াদ ফুরোচ্ছে ২১ জুন থেকে ১৯ জুলাইয়ের মাঝে।
উত্তর-পূর্বের মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মিজোরাম সহ রাজ্যসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ঝাড়খণ্ডে। এর মধ্যে চারটি করে রাজ্যসভা আসনের জন্য ভোট হবে অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্নাটকে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে হবে তিনটি আসনের জন্য ভোট। ঝাড়খণ্ডে দুটি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হবে।
রাজ্যসভার বেশ কয়েকজন উল্লেখযোগ্য নেতার মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া। মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। এ ছাড়া মেয়াদ শেষ হচ্ছে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর। মধ্যপ্রদেশের জর্জু কুরিয়ান ও মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস সাংসদ দিগবিজয় সিং ও গুজরাটের শক্তিসিং গোহিলের মেয়াদও শেষ হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ফের রাজ্যসভার সাংসদ হবেন কি না সেটা দেখার বিষয়।
১৮ জুন এইসঙ্গে মহারাষ্ট্র ও তামিলনাড়ুর একটি করে রাজ্যসভা আসনে পুনর্নির্বাচন হবে। মহারাষ্ট্রে একটি রাজ্যসভা আসন খালি হয়েছে। প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার রাজ্যসভা সাংসদ থেকে পদত্যাগ করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন।